সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা, ময়মনসিংহ ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার এই দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি, অফিস ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার শতখালী বাজারের কাছে মাগুরা-যশোর সড়কে বিআরটিসি বাসের চাপায় খোকন দাস (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন বরিশাল সদরের বাউলতলার নির্মল দাসের ছেলে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দুপুরে বিআরটিসির একটি বাস ঢাকা থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল। বাসটি শতখালী বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী খোকন নিহত হন।

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাসচাপায় ইফতেখার আলম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন (২৫) নামের অপর একজন আহত হন। আজ সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইফতেখার জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। এ ঘটনার পর জাতীয় পার্টির সমর্থকেরা সড়ক অবরোধ করেন। দুপুর ১২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ভাষ্য, সকাল সাড়ে নয়টার দিকে ইফতেখার ও সুজন মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ যাচ্ছিলেন। রামগোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইফতেখার নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের ভদ্রখালী মোড়ে কালীগঞ্জ-কুশলে সড়কে ট্রাকচাপায় আবু রায়হান (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ বলেন, সকালে রায়হান সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সময় ভদ্রখালী মোড়ে একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রায়হান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।