সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার চলন্ত বাসের ধাক্কায় দুই কৃষক নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের চাপায় এক পথচারী প্রাণ হারান।
এর আগের দিন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজীর মোড়ে ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাকের চালকের সহযোগী নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
শিবগঞ্জ (বগুড়া): গতকাল দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার হাতিবান্ধা এলাকায় বাসের ধাক্কায় দুই কৃষক প্রাণ হারান। তাঁরা হলেন উপজেলার খামারপাড়া গ্রামের আবদুল গনি (৫০) ও পাশের গাবতলী উপজেলার কাগইল গ্রামের নান্নু মিয়া (৪৫)।
হাতীবান্ধা গ্রামের বাসিন্দা সূত্র জানায়, ওই দুই কৃষক মহাস্থান বাজারে সবজি বিক্রি করে একটি হিউম্যান হলারে করে ফিরছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস ওই হিউম্যান হলারটিকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশে উল্টে পড়লে ঘটনাস্থলেই ওই দুই কৃষক প্রাণ হারান। নিহতদের স্বজনেরা ঘটনার পরপরই লাশ তাঁদের বাড়িতে নিয়ে গেছেন।
সিরাজগঞ্জ: গতকাল বিকেল চারটার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ড এলাকায় আবুল হোসেন (৭০) নামের এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে পাবনাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আবুল হোসেন উপজেলার নাববিলা গ্রামের বাসিন্দা ছিলেন।
নাটোর: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রেজীর মোড়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ঢাকাগামী কপিবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ফাগুন হোসেন (২০) ঘটনাস্থলেই মারা যান। কপিবোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।