সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪
সড়ক দুর্ঘটনায় গত বুধবার রাতে সিরাজগঞ্জের কাজীপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চালক এবং দিনাজপুরের ঘোড়াঘাটে আরেক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: বুধবার রাত আটটার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ থেকে কাজীপুর যাচ্ছিলেন। পথে চিলগাছা এলাকায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তাঁরা ছিটকে পড়েন। এতে তাঁদের দুজনেরই মাথা ফেটে যায় এবং তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান। তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক বাদশা মিয়া (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
দিনাজপুর থেকে এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে গতকাল বেলা ১১টার দিকে সাহেবগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক প্রাণ হারান। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বোগদহ কলোনি গ্রামের বাসিন্দা ছিলেন। বাসটি আটক করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিরামপুর (দিনাজপুর): গতকাল দুপুর ১২টায় ঘোড়াঘাটে ট্রাকের চাপায় সুমন (২৮) নামের এক তরুণ নিহত এবং বিপুল সিংহ (২৫) নামের আরেক তরুণ আহত হয়েছেন। সুমন উপজেলার নুরপুর গ্রামের মৃত প্রসন্ন দের ছেলে।
উপজেলার রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে সুমন এবং বিপুল ঘোড়াঘাট যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সুমন পড়ে গেলে ট্রাকটি তাঁকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই সুমন মারা যান। বিপুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।