সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকায় গত বৃহস্পতিবার বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া নীলফামারীতে দুজন ও নওগাঁয় একজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
ফুলবাড়ী ও পার্বতীপুর (দিনাজপুর): বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন পার্বতীপুর থেকে বিরামপুর উপজেলায় যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ের মেরিনা ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিমুল হক (৩০) মারা যান এবং অপর দুই আরোহী উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩০) ও মাহিন (২৮) আহত হন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে উজ্জ্বল মারা যান। মাহিন ওই হাসপাতালে চিকিৎসাধীন। আজিমুল হক পার্বতীপুর উপজেলা শহরের গুলশাননগর মহল্লার ও উজ্জ্বল চন্দ্র বিশ্বাস কৈবর্ত্যপাড়া গ্রামের বাসিন্দা।
নওগাঁ: বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উকিলপাড়ায় উত্তরা প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকান থেকে খাবার কিনে তাসফিয়া (৮) ও তিভা (৭) দুই বোন বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে দুটি মোটরসাইকেল এসে তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাসফিয়াকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত নয়টার দিকে তাসফিয়া মারা যায়। সে উকিলপাড়ার তোফাজ্জল হোসেনের মেয়ে। তিভাকে নওগাঁর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নীলফামারী: বৃহস্পতিবার সন্ধ্যায় ইটবোঝাই ট্রাক্টর পঞ্চপুকুর-বাবরীঝাড় সড়ক দিয়ে যাওয়ার সময় চ্যাংমারী এলাকায় উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন ট্রাক্টরচালক মহেশ চন্দ্র রায়কে (২৪) উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকার সুনীল চন্দ্র রায়ের ছেলে। রাত সাড়ে আটটার দিকে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হন। তিনি জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথি এলাকার আবদুল জলিলের ছেলে।