সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও দিনাজপুরে আজ সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে একই পরিবারের তিনজন এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে একই পরিবারের দুজন রয়েছে। আজ সোমবার এসব দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সকাল ১০টার দিকে বার আউলিয়া এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে একই পরিবারের দুজন সদস্য রয়েছেন। সংঘর্ষে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
নিহত তিনজন হলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম বাবুল (৪০), তাঁর শিশুকন্যা তামান্না তাবাসসুম (১০) ও সোনাইছড়ির মাহবুব আলমের মেয়ে জান্নাতুন নাহার চৌধুরী (৭)। তামান্না সোনাইছড়ি হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও জান্নাতুন নাহার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাকচালক বেপরোয়া গতিতে ট্রাকটি চালাচ্ছিলেন। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়।
ওসি সৈয়দ জাকির আরও জানান, ঘাতক ট্রাক ও চালক আবদুল আজিজকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ভোর সাড়ে চারটার দিকে উপজেলার হামকুড়িয়া নামক স্থানে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।’
আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, পাথর বোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল।

দিনাজপুর: সদর উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ব্যাংকালি নামক স্থানে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুক্তার হোসেন (৬০), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০) ও মুক্তারের ছোট ভাই রেজাউল করিম (৪২)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’
পুলিশ জানায়, মুক্তার ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে মারা যান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল। ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যান।