সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ নিহত ৬
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
ঝিনাইদহ: গতকাল সকাল নয়টার দিকে পৌর এলাকার পবহাটি গ্রাম থেকে পলি রানী ও প্রিয়া ঘোষকে মোটরসাইকেলে করে তাদের চাচা বিনয় ঘোষ ফজের আলী স্কুলে যাচ্ছিলেন। ঝিনাইদহ-মাগুরা সড়কের পবহাটি মোড় পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পলি রানী নিহত হয়। প্রতিবাদে সকাল ১০টা থেকে জনতা মহাসড়ক অবরোধ করে ও বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বরগুনা: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে একটি যাত্রীবাহী বাস বরগুনা থেকে নিশানবাড়িয়া যাচ্ছিল। পরীরখাল বাজার এলাকায় বাসটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আবদুল মজিদ মোল্লা (৬৫) ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা: সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আরিফুল ইসলাম নিহত হয়। সে কাকডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
গোপালগঞ্জ: সকালে কাশিয়ানী উপজেলার বেলতলা সড়কের বেলতলায় শ্যালোইঞ্জিনচালিত একটি স্কুলভ্যান উল্টে সাত শিক্ষার্থী আহত হয়। তাদের কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাহাত মোল্লাকে (১২) মৃত ঘোষণা করেন। তারা আশার আলো কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
ফরিদপুর: গতকাল বেলা তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় করিম জুট মিলের মাগুরাগামী একটি বাস একটি নছিমনকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই নছিমনের চালক আবদুর করিম (৩৫) নিহত হন।