সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় গতকাল শুক্রবার এক ভটভটিচালক নিহত হয়েছেন। একই দিন গাইবান্ধার সাদুল্যাপুর ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;
আদমদীঘি (বগুড়া): গতকাল সকালে মহাদেবপুর উপজেলার তালতলী ব্রিজ এলাকায় একটি ট্রাক পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির চালক উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সজীব হোসেন (২২) মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
গাইবান্ধা: গতকাল সকাল নয়টার দিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজার এলাকা দিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপার হচ্ছিলেন আল আমীন (১৮) নামের এক তরুণ। এই সময় গাইবান্ধা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তিনি সাদুল্যাপুর উপজেলার বুজরুক রুহিয়া গ্রামের মনু মিয়ার ছেলে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঠাকুরগাঁও: সদর উপজেলার আকচা গ্রামের চৌতন্য বর্মণের ছেলে প্রকাশ চন্দ্র বর্মণ (৩০) গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় মালবাহী একটি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। একই দিন সদর উপজেলার মথুরাপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন (৪৭), ইউনিয়ন যুবদলের সভাপতি কুসুমউদ্দিন (৩৩) ও আবদুল রাজ্জাক নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কুসুমউদ্দিন ও রাজ্জাককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।