সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে গতকাল রোববার দুপুরে একটি অটোরিকশা ও হিউম্যান হলারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। একই দিন চাঁদপুরের হাজীগঞ্জে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
মাধবপুরে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শিমুলঘর গ্রামের শফি উল্লাহ (৪০) ও মাসুক মিয়া (৪২)। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে একটি অটোরিকশা ছয়জন যাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে মাধবপুর যাচ্ছিল। এটি ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুন বাজারের কাছে একটি হিউম্যান হলারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফি উল্লাহ ও মাসুক মিয়া প্রাণ হারান। গুরুতর আহত চারজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের লাশ ওই দিন বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, দুপুর সাড়ে ১২টায় উপজেলার এনায়েতপুরে একটি ট্রাক পথচারী এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।