সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দিন জামালপুরের নরুন্দি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরেকজন নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ থেকে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস সিলেটের গোয়ালাবাজারগামী এসকেএফের ওষুধবাহী একটি পিকআপকে
ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রান্সকম ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেড সিলেটের বিক্রয় কর্মকর্তা মাহবুবুর রহমান (৩৮) ও পিকআপের চালক উজ্জ্বল মিয়া (৩০) নিহত হন। মাহবুবুরের বাড়ি মেহেরপুরের গাংনী থানার কুমারদা গ্রামে। উজ্জ্বলের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে বলেন, যাত্রীবাহী বাসের চাপায় ট্রান্সকম কোম্পানির গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে গতকাল বিকেলে জামালপুরের নরুন্দি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানায়, জামালপুর-ময়মনসিংহ সড়কের নরুন্দি বাজার এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল পেছন থেকে জয়নালকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নরুন্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।