সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত ৩
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসচাপায় দুই কলেজছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। বগুড়ার ধুনটে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। গত সোমবার পৃথক এসব দুর্ঘটনায় দুই ছাত্র ও ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলার শহিদুল বুলবুল কারিগরি কলেজের তিন ছাত্র সাইকেল নিয়ে সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা মহাসড়কের বাগবাড়ী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি বাইসাইকেলকেই চাপা দিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে গুরুতর আহত তিন ছাত্রকেই উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় হযরত আলী (১৮) ও রেজাউল করিমকে (১৭) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে দুজনই মারা যান।
ধুনট: মথুরাপুর বাজারের কাপড় ব্যবসায়ী আবদুস ছোবাহান (৩৬) সোমবার বিকেলে পার্শ্ববর্তী চান্দাইকোনা বাজারে যাওয়ার পথে বগুড়া-ঢাকা মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খান। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানে চিকিৎসা নিয়ে রাতে তিনি বাড়িতে ফিরেও আসেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাগমারা: সোমবার উপজেলার ঝিকড়া গ্রামের সুমন রহমান (৩২) একটি ভটভটিতে করে রাজশাহীতে খালেদা জিয়ার সমাবেশে যাচ্ছিলেন। পথে ভটভটি মোহনগঞ্জ-নওহাটা সড়কের বড়গাছি এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভটভটি উল্টে সড়কের নিচে পড়ে গেলে সুমন গুরুতর আহত হন। পরে চিকিৎসকদের পরামর্শে সুমনের বাঁ হাত কেটে ফেলতে হয়েছে।