সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাসস্ট্যান্ড ও কালিকাপুরে নাটোর-ঢাকা মহাসড়কে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আবু হাসেম আকন্দ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দের ছোট ভাই। তাঁর বাড়ি উপজেলার শমশেরপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও বড়াইগ্রাম থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় আহম্মেদপুর বাসস্ট্যান্ডে বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক যাত্রীবাহী অটো ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী চরনটাবাড়িয়া গ্রামের বেলাল হোসেন (৩৮) ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ভ্যানের চালক ও শিশুসহ কমপক্ষে চারজন আহত হন।
অন্যদিকে, গতকাল ভোরে কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি বিকল ট্রাক মেরামতের সময় চালকের সহকারী বাকী বিল্লাহকে (৩৬) দ্রুতগতির অপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি উপজেলার কমরদহ গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে অটটার দিকে আবু হাসেম আকন্দ মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ থেকে বেলকুচি উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার চর মাইঝাল এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।