সড়ক দুর্ঘটনায় দুই বিজিবি নিহতের পর তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর ‘ভুল-বোঝাবুঝি’র কারণে বিজিবি ও এলাকাবাসী সংঘাতে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ এক যুবকের অবস্থা গুরুতর।
পুলিশ, বিজিবি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সীমান্তপথে অবৈধভাবে আনা দুটি মোটরসাইকেল উদ্ধার করেন। পরে বিজিবির সৈনিক আল আমিন (২০) ও রুবেল হোসেন (১৯) মোটরসাইকেল দুটি চালিয়ে ফুলবাড়ীর রাঙ্গামাটি ব্যাটালিয়ন কার্যালয়ে আনছিলেন। তবে কার্যালয় থেকে আধা কিলোমিটার দূরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে বেলা দুইটার দিকে দ্রুতগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৭৭০৮) ধাক্কায় তাঁরা দুজনই নিহত হন।
এলাকাবাসীর ভাষ্যমতে, ঘটনার পর তাঁরা ট্রাকটিকে আটক এবং মহাসড়ক অবরোধ করেন। কিন্তু এর মধ্যে ট্রাকটির চালক ও তাঁর সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। একপর্যায়ে শতাধিক বিজিবির সদস্য ঘটনাস্থলে পৌঁছে চালক ও সহকারীকে তাঁদের হাতে তুলে দিতে এলাকাবাসীকে চাপ দেন। কিন্তু দুজনই পালিয়ে গেছেন শুনে বিজিবির সদস্যরা এলাকাবাসীর ওপর ক্ষুব্ধ হন। তাঁরা স্থানীয় রাজারমপুর মোড় ও পার্শ্ববর্তী ভিমলপুর মোড়ে গিয়ে দোকানপাট ও রিকশা-ভ্যান ভাঙচুর এবং উপস্থিত জনতাকে বেধড়ক লাঠিপেটা শুরু করলে ১০ জন আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী গাছের ডাল ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে দুই দিক থেকে মহাসড়ক অবরোধ করে। এতে করে বিজিবির সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম। তাঁরা মহাসড়ক থেকে এলাকাবাসীকে সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে বিজিবি সদস্যরা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২০-২৫টি গুলি ছোড়েন। এ সময় ঊরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন ভিমলপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৪)। তাঁকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহেদুর রশিদ প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর সঙ্গে বিজিবির কোনো বিরোধ হয়নি। মূলত যে চোরাকারবারিদের মোটরসাইকেল আটক করা হয়, তারাই এলাকাবাসীকে ভুল বুঝিয়ে বিজিবির বিরুদ্ধে উসকে দেয়। সংঘর্ষে বিজিবির কয়েক সদস্যও আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত দুই বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লে. কর্নেল জাহেদুর বলেন, ঘটনার পর বিকেল পাঁচটার দিকে বিজিবি ও পুলিশসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা এলাকাবাসীকে অবরোধ তুলে নিতে অনুরোধ করলে সন্ধ্যা ছয়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে রাত আটটায় এই প্রতিবেদন লেখার সময়ও অবরোধ অব্যাহত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।