সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে গতকাল শুক্রবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাস দুটির কমপক্ষে ১৫ যাত্রী।

নিহত শিশু দুটি হলো ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর গ্রামের লিটন মিয়ার ছেলে মো. বাবু (১০) ও সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. কাউছার (১২)। এ ঘটনায় আহত ব্যক্তিদের সেনবাগ ও দাগনভূঞার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী থেকে ফেনী অভিমুখী সুগন্ধা সুপার কিং সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একই পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবু এবং ফেনীর হাসপাতালে নেওয়ার পথে কাউছার মারা যায়। সেনবাগ থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করে।