সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠির নলছিটির ভৈরবপাশা বাজার এলাকায় বিআরটিসি বাসের চাপায় মা-মেয়েসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ বরিশালে ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে৷ ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন৷ আমাদের আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝালকাঠি: ভৈরবপাশা বাজার এলাকায় বিআরটিসি বাসের চাপায় নিহত তিনজন হলেন, মোটরসাইকেলের চালক শহিদুল ইসলাম, আরোহী ইয়াসমিন আক্তার ও তাঁর মেয়ে ইয়ামিন৷ দুর্ঘটনায় ইয়াসমিনের স্বামী সোহেল ব্যাপারীও গুরুতর আহত হন৷ তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে তাঁরা বরিশাল থেকে পিরোজপুরের বেকুটিয়ায় যাচ্ছিলেন৷ রাত সাড়ে নয়টার দিকে ভৈরবপাশা বাজারে এলে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শহিদুল ও ইয়ামিন মারা যায়৷ পরে হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনের মৃত্যু হয়৷
বরিশাল: মঙ্গলবার রাত ১০টার িদকে আমিরুল ইসলাম শ্বশুরবাড়ি আগৈলঝারা উপজেলা থেকে স্ত্রী মিলি বেগম (২২) ও মেয়ে তাহিরাকে (৩) নিয়ে বরিশালের কাশিপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন৷ ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছালে খুলনা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহীরা সড়কে ছিটকে পড়েন৷ এ সময় একটি ট্রাক পেছন থেকে এসে তাহিরা ও তার মাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়৷ গুরুতর আহত অবস্থায় আমিরুল ও তাঁর স্ত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসক মিলিকে মৃত ঘোষণা করেন৷ উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় প্রাইভেটকারচালক মো. অালতাফ হোসেন (৫০) এবং ট্রাকটি আটক করা হয়েছে৷ আমিরুল ইসলাম সমকাল পত্রিকার বরিশাল কার্যালয়ের কম্পিউটার অপারেটরের কাজ করতেন৷
ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল ১০টার দিকে টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়৷ এতে মিনিবাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে কমপক্ষে ৩০ যাত্রী আহত হন৷ আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পর ওই এলাকার কয়েক শ লোক ঘটনাস্থলে এসে মহাসড়ক অবরোধ করেন৷ অবরোধকারীরা জানান, প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা ঘটে৷ দীর্ঘদিন ধরে ওই স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানিয়ে এলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুদ্দিন বলেন, স্থানীয় সাংসদ ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এক ঘণ্টা পর স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন৷