সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গতকাল সোমবার শিশুসহ তিনজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া উপজেলার ঘুড়কা ইউনিয়নে ট্রাকচাপায় তামান্না খাতুন (১০) নামের একটি শিশু প্রাণ হারিয়েছে।

একই দিন বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় ভটভটিচালক মকবুল হোসেন (৪০) নিহত ও চারজন আহত হয়েছেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): দুপুর আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের দাদপুর জিআর কলেজসংলগ্ন সন্ধ্যাতলা এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটির বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে বাসটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় বছরের এক শিশুসহ তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ডি এম এমদাদুল হক জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রংপুরের গঙ্গাচড়া এলাকার হামিদা খাতুনের (৪৫) পরিচয় পাওয়া গেলেও অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্‌ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সকাল সাড়ে নয়টার দিকে একই মহাসড়কে উপজেলা ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় তামান্না খাতুন (১০) নামের একটি শিশু নিহত হয়েছে। সে ঘুড়কা এলাকার আল আমিনের মেয়ে।

শেরপুর(বগুড়া): গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় ট্রাকচাপায় ভটভটিচালক মকবুল হোসেন প্রাণ হারান। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কুশতা গ্রামের বাসিন্দা ছিলেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, ভটভটিটি রায়গঞ্জ বাজারে যাচ্ছিল। পথে কৃষ্ণপুর এলাকায় পেছন থেকে একই দিকে যাওয়া পাথরবোঝাই একটি ট্রাক ভটভটিকে চাপা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।