সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকায় গতকাল রোববার প্রাইভেট কারের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
নিহত ছাত্ররা হলো হাসাড়া কালিকিশোর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সৌরভ (১৪) ও শুভ (১৪)। তাদের দুজনের বাড়ি হাসাড়া ইউনিয়নে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী একজন বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছিল। পথে হাসাড়া ইউনিয়নের কেওটখালী এলাকায় গাড়িটি যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করতে যায়। এ সময় একটি গতিরোধক উপেক্ষা করে বাসটি দ্রুত যেতে গেলে পাশে চলতে থাকা প্রাইভেট কারটিতে ধাক্কা লাগে। তখন প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় সড়কের পাশে থাকা তিন ছাত্র গাড়ির চাপায় আহত হয়।
গুরুতর আহত অবস্থায় সৌরভ ও শুভকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর তারা মারা যায়। অপর আহত একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তরিকুলকে (১৩) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেট কারের আরোহীসহ একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী কেওটখালীতে বিকেল সাড়ে পাঁচটা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। এ সময় ১০-১২টি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।