সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের খানকা শরিফ এলাকায় গত মঙ্গলবার যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একই দিনে গৌরনদীর খাঞ্জাপুরে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
খানকা শরিফে নিহত শিক্ষার্থীর নাম খান মাজাহারুল ইসলাম রচি (১৬)। সে বাগেরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান মনির হোসেনের ছোট ছেলে। এ বছর সে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। দুর্ঘটনায় প্রিন্স (১৭) ও শাহরিয়ার নাদিম জয় (১৭) নামে তার দুই বন্ধু গুরুতর আহত হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার হজরত খানজাহান (রহ.) মাজার মোড় থেকে চার-পাঁচটি মোটরসাইকেলে করে রচি ও তার বন্ধুরা বাগেরহাট শহরের দিকে আসছিল। পথে খানকা শরিফের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রচির মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রচিসহ মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। পরে খুলনায় নেওয়ার পথে রচি মারা যায়। অন্য দুজনকে খুলনার বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
গৌরনদীর খাঞ্জাপুরে মঙ্গলবার দুপুরে বাসের চাপায় নাছিমা বেগম (৩২) নামে এক পথচারী নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার খাঞ্জাপুর গ্রামের করিম হাওলাদারের স্ত্রী নাছিমা বেগম (৩২) ভূরঘাটা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।