সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গতকাল শনিবার গরুবোঝাই ভটভটির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর আগের দিন শুক্রবার লালমনিরহাটের পাটগ্রামে গরুর সঙ্গে ধাক্কা লেগে অপর এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: রানীশংকৈল উপজেলার নেকমরদ-বালিয়াডাঙ্গী সড়কে গরুবোঝাই একটি ভটভটির ধাক্কায় শেখ কামাল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার কুমারগঞ্জ গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল কামাল একটি মোটরসাইকেলে করে নেকমরদ থেকে বালিয়াডাঙ্গী যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে নেকমরদ নয়া মার্কেটের সামনে গরুবোঝাই একটি ভটভটি তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কামাল গুরুতর আহত হন। এলাকাবাসী কামালকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার ঝাকুয়াটারী নামক স্থানে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মানিক চন্দ্র রায় (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দেড় বছরের শিশু সৌরভ ও তাঁর বাবা সফিউল আলম (৩২) আহত হয়েছেন। নিহত মানিকের বাড়ি পাটগ্রাম পৌরসভার বানিয়াপাড়া গ্রামে। তিনি পাথর ও পরিবহন ব্যবসা করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দরে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝাকুয়াটারীতে একটি গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মানিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রংপুর পাঠালে পথে নীলফামারীর জলঢাকা উপজেলা এলাকায় তিনি মারা যান।