সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গতকাল বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাসহ দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্ল্ড ভিশন আগৈলঝাড়ার শিশু সুরক্ষা প্রকল্পের কর্মকর্তা রীনা রায় (২৫) গতকাল সকালে মোটরসাইকেলে উপজেলা সদর থেকে কর্মস্থল রাজিহার শাখা কার্যালয়ে যাওয়ার পথে বাকাল ১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রীনাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা দুইটার দিকে রীনাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামের ডিএসবির হাট এলাকায় গতকাল সকালে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় গৌহার গ্রামের প্রতীক হালদারের ছেলে মাছ ব্যবসায়ী হীরা লাল হালদার (৫৫), চালক সেরাল গ্রামের নয়ন কবিরাজ (২৫), যাত্রী শ্যামল হালদারসহ (৩২) পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হীরা লাল হালদার মারা যান। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।