সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
দিনাজপুর পৌর শহরের মসিমপুর এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দিন বগুড়ার কাহালু উপজেলায় সাহিদা খাতুন (৩৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
সাইফুল বীরগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ইসলাম পেপার হাউসের পরিচালক ছিলেন। সাহিদা স্থানীয় আল ফারুকী প্লাস্টিক ব্যাগ তৈরি কারখানার শ্রমিক ও কাহালুর শিকড় গ্রামের আবদুস সালামের স্ত্রী।
সাইফুলের ভাই সাদেকুল ইসলাম বলেন, ব্যবসায়িক কাজে গতকাল সকালে মোটরসাইকেলে করে দিনাজপুর যান সাইফুল। বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে চারটার দিকে মসিমপুর এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সাইফুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।
এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও কাহালু থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কারখানা থেকে রিকশা-ভ্যানে করে বাড়ি ফেরার পথে কাহালুর কালিয়াপুকুর এলাকায় গতকাল বেলা দেড়টার দিকে একটি মাইক্রোবাস সাহিদাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে সাহিদা ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভ্যানচালক আবদুল মান্নান গুরুতর আহত হন। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।