সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
পটুয়াখালী সদর উপজেলার পাটুখালী এলাকায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক বাচ্চু মৃধা (২২) ও যাত্রী বাকর ফকির (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী লাইলী বেগম (৩০)। তাঁদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মৃধা পরিবহনের একটি বাস (গাজীপুর-জ-০২-২৩৪) যাত্রী নিয়ে গতকাল সকালে কলাপাড়া উপজেলা থেকে পটুয়াখালী আসছিল। বেলা পৌনে ১২টার দিকে পাটুখালী এলাকায় কুয়াকাটা-পটুয়াখালী সড়কে ভাড়ায় চালিত একটি মোটরসাইলের চালক দুই আরোহীকে নিয়ে বাসটি অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় বাসের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ও এক যাত্রী। অপর যাত্রী লাইলী বেগমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাঁকে বরিশালে পাঠানো হয়।