সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) বাসচাপায় মুক্তা বেগম (৩৪) নামের এক পোশাকশ্রমিক মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ অন্য পোশাকশ্রমিকেরা ওই নারীকে চাপা দেওয়া বাসটিতে আগুন দিয়ে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত ও দুজন আহত হয়েছে।

আশুলিয়ায় নিহত হওয়া পোশাকশ্রমিক মুক্তা মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি আশুলিয়ায় থেকে ডিইপিজেডের ইয়ংওয়ান নামের পোশাক কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার সকাল সাতটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়ক পার হয়ে ডিইপিজেড এলাকার ভেতরে ঢোকার সময় পেছন থেকে শ্রমিক বহনকারী একটি বাস মুক্তাসহ দুই শ্রমিককে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুক্তা মারা যান। এ ঘটনার প্রতিবাদে অন্য শ্রমিকেরা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ডিইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।

বাসের আগুন নিভিয়ে ফেলা হলে ক্ষুব্ধ শ্রমিকেরা নবীনগর-কালিয়াকৈর সড়কে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

শ্রমিকদের অভিযোগ, মুক্তা মারা যাওয়ার পর পুলিশ তা লুকাতে তড়িঘড়ি করে লাশ তাঁর গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর পরই শ্রমিকেরা আহতদের হাসপাতালে নেন। পথে মুক্তা মারা যান। তবে আরেকজনের ভাগ্যে কী হয়েছে তা জানা যায়নি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হুমায়ুন কবীর (৩০) শ্রীপুরের জৈনাবাজার এলাকার কাজিম উদ্দিনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।