সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে গত রোববার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলেজা বেগম নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দুটি ট্রাকের মধ্যে ধাক্কা লাগলে একটি ট্রাকচালকের সহকারী রাজন হোসেন (২৬) নিহত হন।
গোলেজা বেগমের (৩৯) বাড়ি বগুড়ার ধুনট উপজেলার ঘোরোয়াটি গ্রামে। তিনি নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টসে চাকরি করতেন। আশুলিয়া থানার পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে ছুটির পর গোলেজা কারখানার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাঁর সহকর্মীরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। পরে উত্তেজিত শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর থানা ও শিল্প পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে যান। তাঁরা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে রাত ১১টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এর আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
এদিকে পাটুরিয়া ঘাট এলাকার বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক নদী পার হওয়ার জন্য পাটুরিয়া ফেরিঘাটে আসে। ঘাটের আড়পাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা অন্য একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চালকের সহকারী রাজন হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় ট্রাকের চালক অনিক মিয়া (৩০) আহত হন।