সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন
নওগাঁর মান্দা, বগুড়ার শেরপুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শেরপুরের দুর্ঘটনায় আহত হয়েছেন নারীসহ ৫ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় নায়েব উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর মাদরাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব উদ্দিন উপজেলার বড়মুল্লুক গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক নায়েব উদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবদুস সাত্তার (৪০) নিহত হন। নিহত ব্যক্তি উপজেলার চকপোতা গ্রামের বাসিন্দা ছিলেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুস সাত্তারের স্ত্রীসহ পাঁচজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। গতকাল বুধবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, মহাসড়ক দিয়ে উপজেলার চান্দাইকোনা বাজার থেকে ওই সিএনজিচালিত অটোরিকশা শেরপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পেছন থেকে ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহত ব্যক্তিদের মধ্যে এক নারী ও এক কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তাঁর নাম জহুরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার ধুবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার ধানগড়া থেকে মোটরসাইকেলে করে ঘুড়কা যাওয়ার সময় ঢাকা-বগুড়া মহাসড়কে রয়হাটি এলাকায় একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে জহুরুল ইসলাম এ দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।