সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন, আহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি, কুড়িগ্রামের উলিপুর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৬ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন মুনিরুল ইসলাম (৪২), মাইদুল ইসলাম (৩৫) ও মোজাহার ফকির (৪৫)।
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে বনভোজনগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুনিরুল ইসলাম (৪২) প্রাণ হারান। এখানে আহত হয়েছেন আরও ২৫ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বনভোজনের জন্য রংপুর ভিন্ন জগতের উদ্দেশে রওনা দেয়। রাত দিবাগত দুইটার দিকে আদমদীঘির শিবপুরে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার মুনিরুল ইসলাম প্রাণ হারান। এ ঘটনায় আহত বাকি ২৫ জনের মধ্যে ১৪ জনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উলিপুরের তবকপুর ইউনিয়নের বটতলায় ট্রাক্টরের ধাক্কায় পথচারী মাইদুল ইসলাম (৩৫) নিহত হন। এ সময় আহত হয়েছে বাবু (৮) নামের এক শিশু।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন (ওসি) বলেন, গতকাল শুক্রবার বেলা একটার দিকে একটি ট্রাক্টর বটতলা নামক এলাকায় মাইদুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পথচারী মাইদুলের পাশে থাকা শিশু বাবুও ট্রাক্টরের ধাক্কায় আহত হয়। তাকে উলিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মাইদুল বটতলা গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও এর চালক পালিয়েছে।
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোজাহার ফকির (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার কায়েমপুর ইউনিয়নের চুলধরি গ্রামের বিশা ফকিরের ছেলে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।