প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন আন্তমহাসড়কে লালমোহন উপজেলার সাদাপোল এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২২ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে যাত্রীবাহী একটি বাস ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে চরফ্যাশন উপজেলা শহরের উদ্দেশে ছেড়ে যায়। পরে সাদাপোল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন পাটোয়ারী (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি জেলার তজুমদ্দিন উপজেলায়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, বাসের কাউকে আটক করা সম্ভব হয়নি। ভোলা প্রতিনিধি