সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী ও মুন্সিগঞ্জের গজারিয়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।
নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া গ্রামের মোল্লারবউ এলাকায় গতকাল মঙ্গলবার এক শিক্ষার্থী অটোরিকশাচাপায় নিহত হয়েছে। নিহত সুমি আক্তার (১২) কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সুমি কাঁঠালিয়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
এলাকাবাসী ও নিহত ছাত্রীর পরিবারের লোকজন জানান, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেয় সুমি। অনুষ্ঠান শেষে বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে মোল্লারবাগ এলাকায় পেছন থেকে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সুমি নিহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক আবদুল আলী (৫৫) হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মাধবদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) আবুল কালাম বলেন, নিহত সুমির লাশ জেলা প্রশাসকের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস উল্টে একজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম জগদীশ (৫৫)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র ও স্থানীয় এলাকাবাসী জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি বাস রাত আটটার দিকে ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে যায়। এতে বাসে থাকা ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জগদীশ মারা যান। এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।