সড়ক দুর্ঘটনায় নিহত ২
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার নোমান আহমদ (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তৌফিক হাসান (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, নোমান মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর মোড়ে গতকাল বেলা ১১টার দিকে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খান। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা দেড়টার দিকে তিনি সেখানে মারা যান।
নালিতাবাড়ীর গুগরাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুপালি বেগম তাঁর ছেলে তৌফিককে নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে টেম্পোযোগে বালুঘাটা বাজারে নামেন। এ সময় একটি টেম্পো তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে যায়। শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন।