সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরে গত শুক্রবার রাতে মালবোঝাই একটি ট্রাক্টরের ওপর থেকে রানা (১৮) নামে এক শ্রমিক নিচে পড়ে মারা যান। রানা সদর উপজেলার ফুলতলা গ্রামের হায়দার আলীর ছেলে।
এদিকে, নীলফামারীতে গতকাল শনিবার পিকআপ ভ্যানের ধাক্কায় সুন্দর রানী রায় (১৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। সুন্দর রানী রায় সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের কুকড়ারডাঙ্গা গ্রামের ভৈরব চন্দ্র রায়ের মেয়ে। সে শহরের উকিলের মোড় এলাকার গোল্ড টাইমিং বিডির শ্রমিক ছিল।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে দিনাজপুর শহরের ফুলতলা শ্মশানঘাট রাস্তায় মালবোঝাই চলন্ত একটি ট্রাক্টরের ওপর থেকে ওই ট্রাক্টরটির শ্রমিক রানা নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে রানার লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে শহরের হাউজিং মোড় এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক আবদুর রশিদসহ পাঁচজন আহত হন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সুন্দর রানী রায় গতকাল সকাল আটটার দিকে বাইসাইকেলে করে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিল। পথে নীলফামারী শহরের গাছবাড়ি এলাকার কৃষি ফার্ম মোড়ে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পিকআপ ভ্যানটি দ্রুত ডোমার সড়কের দিকে পালিয়ে যায়।