সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে গতকাল শুক্রবার তেজগাঁও ও বাড্ডা এলাকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ দুজন মারা গেছেন। তাঁরা হলেন মোশারফ হোসেন (১৪) ও শফিকুল ইসলাম (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, তেজগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোশারফ এবং মধ্যবাড্ডায় ট্রাকের ধাক্কায় শফিকুল মারা যান।
ঢাকা মেডিকেলে মোশারফের মা পিয়ারা বেগম বলেন, বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে নাবিস্কো মোড়ে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোশারফ গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর বেলা দুইটার দিকে সে মারা যায়। মোশারফ তেজগাঁওয়ে রহিম মেটাল মাদ্রাসার ছাত্র।
এদিকে বৃহস্পতিবার রাত তিনটার দিকে মধ্যবাড্ডার পদচারী-সেতুর নিচে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক শফিকুল গুরুতর আহত হন।
শফিকুলের ভাই মো. শহীদ বলেন, ঢাকা মেডিকেলে নেওয়ার পর শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে শফিকুল মারা যান।
শফিকুল মধ্যবাড্ডায় ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।