বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে হেলাল উদ্দিন (৩০) নামের একজন অটোরিকশাচালক ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল রোববার ভোর সোয়া পাঁচটার দিকে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কের বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত হেলাল উদ্দিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুকুর গ্রামের বাসিন্দা।
ভোরে আক্কেলপুর থেকে অটোরিকশা চালিয়ে বগুড়ায় সিএনজি স্টেশনে আসছিলেন হেলাল উদ্দিন। দরগাহাটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
অন্যদিকে রোববার বেলা সোয়া ১২টার দিকে বগুড়া শহরের শেরপুর সড়কের বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান অজ্ঞাতনামা এক পথচারী।