সড়ক দুর্ঘটনায় নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি বাস l প্রথম আলো
ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি বাস l প্রথম আলো

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ছয়জন, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, ফেনী ও গাজীপুরে দুজন করে এবং ফরিদপুর, গোপালগঞ্জ, নাটোর ও কক্সবাজারে একজন করে নিহত হন। এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরে আরেকজন নিহত হন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশরহাটে রাজশাহীগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। তাঁরা হলেন কেশরহাট ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন (৪৫), মহব্বতপুর গ্রামের ইয়াকুব আলী (৪০) ও আমরাইল গ্রামের আকবর হোসেন (৪৩)।
নগরের মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে মতিহার থানার কাটাখালী পৌরসভার কুখণ্ডী বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় রিকশা-ভ্যান উল্টে দিয়ে পাঁচজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে জয়নাল (৩৫) নামের এক যাত্রী মারা যান।
পুঠিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফজলুল হক বলেন, সকাল সাড়ে পাঁচটার দিকে বানেশ্বর ফাঁড়ির সামনে নাটোরগামী ট্রাকের সঙ্গে রাজশাহীগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাজমুল হক (৩২) ও তাঁর শ্বশুর মিজানুর রহমান (৫৫)। নগরের রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক খবির উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা গেছেন। আহত পিকআপ চালকের পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই ইসলামপুরে গতকাল অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন অটোরিকশার চালক সরাইল উপজেলার মাসুক মিয়া (৪০) ও বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শ্যামলাল দাস (৪০)। সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (সার্জেন্ট) জাহাঙ্গীর আলম বলেন, চারটি লাশ বিশ্বরোড খাঁটিহাতা পুলিশ ফাঁড়িতে এবং অজ্ঞাতনামা এক নারীর লাশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ফেনী: ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি ছালেহ আহম্মদ পাঠান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের লালপুলে গতকাল দুপুরে একটি দ্রুতগামী বাসের সঙ্গে ফেনীগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এর মধ্যে খলিল উল্যা (৫০) নামের একজনের পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক আজাদ শেখ (৪০) নিহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার বলেন, সাদ পরিবহনের চালক আজাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া সকাল সোয়া নয়টার দিকে গোপালগঞ্জ সদরের কাঠী-মাঝিগাতি আঞ্চলিক সড়কের ভবানীপুরে একটি মোটরসাইকেল বিপরীতমুখী রিকশা-ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী হুমায়রা বেগম (৪৫) রাস্তায় ছিটকে পড়েন। একপর্যায়ে মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টায় তিনি মারা যান। হুমায়রা বেগম কাঠী ইউনিয়নের কাঠী গ্রামের ফরিদ শেখের স্ত্রী।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, বিকেলে টেকনাফগামী বাসের সঙ্গে টেকনাফ থেকে হ্নীলা ইউনিয়নগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুল মালেক (২৮) নামের একজন নিহত হন।
নাটোর: পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোরের হরিশপুর এসে থামে। এ সময় ওই বাসের হেলপার রাজশাহীর যাত্রী সাইফুল ও তাঁর সঙ্গী কাজলসহ অপর এক নারীকে বাস থেকে নামতে বলেন। এ নিয়ে সাইফুলের সঙ্গে হেলপারের তর্ক হয়। একপর্যায়ে হেলপার ধাক্কা দিয়ে সাইফুল ও তার সঙ্গীদের ফেলে বাস নিয়ে দ্রুত চলে যান। এতে ওই বাসের চাকার নিচে পড়ে সাইফুল নিহত হন।
গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের জিরানী এলাকায় গতকাল চলন্ত বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা দুই তরুণের মৃত্যু হয়েছে। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আবু দাউদ বলেন, সকালে ওই দুই তরুণের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁরা ওই এলাকার কোনো গার্মেন্টসে চাকরি করতেন। তাঁদের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাতে শ্রীপুরের একটি আঞ্চলিক সড়কে গাড়ির চাপায় কফিল উদ্দিন (২২) নামের আরেক তরুণ নিহত হন।