সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুর ও ভোলায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, গতকাল সকালে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা রোডে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উর্মিলা মালো (৫০) নামের এক নছিমনযাত্রী মারা যান। তিনি তুগোলদিয়া গ্রামের কালিদাশ মালোর স্ত্রী। এ ঘটনায় আহত মোটরসাইকেলের চালক হাসমত আলী (১৬) ও নছিমন যাত্রী ঈমান মাতুব্বর (৪৫) ও ইউসুফ মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে সোনাপুর ইউনিয়নের মোকারমোড় নামক স্থানে ট্রাক-নছিমন সংঘর্ষের একপর্যায়ে নছিমনের যাত্রী আলমগীর মোল্লা (৬০) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। আলমগীরের বাড়ি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামে। উভয় ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে।
এদিকে গতকাল বিকেলে ভোলা-ভেদুরিয়া সড়কের বারো তারিখ নামক জায়গায় ব্যাটারিচালিত অটোরিকশা মো. শাজাহান (৬০) নামের এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শাজাহানের বাড়ি সদর উপজেলার ভেদুরিয়া গ্রামে। স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন। তবে এর চালক পালিয়ে গেছেন।