সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পুলিশের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের হলুদিয়ায় বান্দরবানগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মিশকাতুল জান্নাত (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিশকাত উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা গ্রামের মো. মহিউদ্দিনের মেয়ে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে ঢাকামুখী একটি বাসের ধাক্কায় সীতাকুণ্ড থানা পুলিশের চার সদস্য ও আনসারের এক সদস্য আহত হয়েছেন।
গত সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের আহত সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম, কনস্টেবল আবু কাউছার, তৌহিদুল আলম ও লিটন চাকমা। এ ছাড়া আনসার সদস্য মো. জামান।
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জোড়পোল নামক স্থানে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিমের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, পুলিশ ইব্রাহিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
ফেনী: গতকাল বেলা একটার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে ফেনী শহরমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আহত যাত্রী মো. শাহজাহান (৩৫) মারা যান। তাঁর বাড়ি উপজেলার পাঠাননগর ইউনিয়নের গথিয়া সোনাপুর গ্রামে।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পলাতক।