সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের চার জেলায় গত সোম ও গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: গোদাগাড়ীতে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। উপজেলার নবগ্রামে গোদাগাড়ী-কাঁকনহাট সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন যুবদল কর্মী আহত হন। নিহত যুবদল নেতার নাম এসলাম হোসেন (৩৬)। তিনি উপজেলার রিসিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং আলকছত্র গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবগ্রাম মোড়ে গোদাগাড়ীগামী একটি খালি ট্রাক থামানোর চেষ্টা করে যুবদলের তিন নেতা-কর্মী। এ সময় চালক ট্রাকের গতি বাড়িয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন এসলাম ও আলমগীর হোসেন (৩৫)। এঁদের মধ্যে এসলাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় ব্যক্তিরা আলমগীরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, হরতাল-অবরোধ পালন করতে তাঁরা তিনজন একসঙ্গে গোদাগাড়ী সদরে এসেছিলেন। কিন্তু কোনো দলীয় কর্মসূচি না থাকায় তাঁরা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নবগ্রাম মোড়ে ট্রাকের ধাক্কায় এসলাম মারা যান।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গতকাল সারোয়ার জাহান বাবু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। উপজেলার দেলুয়াবাড়ি-চকগৌরী রাস্তার চকভোলাই ঈদগাহের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সারোয়ার জাহান উপজেলার দোডাঙ্গী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারোয়ার জাহানসহ তিনজন মোটরসাইকেল নিয়ে দেলুয়াবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সারোয়ার জাহান নিহত ও অপর তিনজন আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের হেমতখালীতে মঙ্গলবার ট্রাক্টরের ধাক্কায় ইস্রাফিল হোসেন (২৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের পাশের অন্তাহার গ্রামের ইস্রাফিল নওগাঁর এক অটোমেটিক রাইস মিলে কাজ করতেন। সোমবার রাতের বেলা কাজ করে মঙ্গলবার সকালে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। হেমতলীতে পৌঁছানোর পর পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর সড়কের সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া আনোয়ারের মোড় এলাকায় সোমবার দিবাগত রাতে ম্যাজিক ভ্যানের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় একজন উপপরিদর্শকসহ আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সুন্দরগঞ্জ থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থানা-পুলিশের একটি দল সোমবার রাতে পুলিশের পিকআপ ভ্যান ও একটি রিক্যুইজিশন করা ম্যাজিক ভ্যানে করে নাশকতা রোধে বিশেষ অভিযানে উপজেলার ডোমেরহাট এলাকায় যাচ্ছিল। পুলিশের পিকআপটি নিজপাড়া আনোয়ারের মোড় এলাকায় হঠাৎ গতি কমালে পেছনে থাকা ম্যাজিক ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে দুই গাড়িতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে আটজন আহত হন। তাঁদের মধ্যে উপপরিদর্শকসহ পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।