সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম ও শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয় বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালকের সহকারী প্রাণ হারিয়েছে। গতকাল রোববার এবং গত শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটেছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান জানান, রোববার দুপুর একটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের সড়কপাড়া এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের চালক আজিজার রহমান (৩০) প্রাণ হারান। তিনি নন্দীগ্রাম পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।
এদিকে শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের চাপায় একই পরিবারের দুজন নিহত এবং অন্য দুজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিরিকুল্লা গ্রামের গৃহবধূ জান্নাতি বেগম (৩০) এবং তাঁর ভাশুরের ছেলে মেহেদি (৬)।
এদিকে মাঝিড়া বন্দরে ঘন ঘন সড়ক দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন গতকাল মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশকারীরা মহাসড়কের মাঝিড়া বন্দরে গতিরোধক নির্মাণের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। এর আগে শনিবার সন্ধ্যায় মাঝিড়া বন্দরের লোকজন প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার ভোরে নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মদপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালকের সহকারী মাহমুদ বাবু (৩০) প্রাণ হারিয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহমতপাড়া গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক আনিসুর রহমান জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ঢাকাগামী কয়লাবোঝাই একটি ট্রাক আহম্মদপুর এলাকায় যাত্রাবিরতি করে। এ সময় অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে মাহমুদ ঘটনাস্থলেই প্রাণ হারান।