সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গতকাল মঙ্গলবার প্রাইভেট কারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ ও নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: গতকাল সকালে করনাইট গ্রামের আনোয়ার হোসেন (৪০) ও ফুটানি টাউন গ্রামের শামিম হোসেন (২০) একটি মোটরসাইকেলে রানীশংকৈলের দিকে যাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে কুমারগঞ্জ এলাকায় পৌঁছলে সংযোগ সড়ক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত প্রাইভেটকারে ধাক্কা লাগলে শামীম ও আনোয়ার সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেটকারে থাকা রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের রানীশংকৈল উপজেলা সংবাদদাতা আনোয়ারুল ইসলাম ও সেতাউর রহমান আহত হয়েছেন। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত জানান, নিহতদের পরিবার কোনো মামলা না করায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ: ঘন কুয়াশার কারণে গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিশ সংযোগ সড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে উত্তরবঙ্গগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী অন্য একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক মাসুদ রানা (২৫) নিহত হন এবং অন্য ট্রাকচালক কামাল উদ্দীনসহ (৩৫) তিনজন আহত হন। তাঁদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কিসমত নড়াইল গ্রামে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জী জানান, সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ফিরোজ হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। চলন্ত ট্রাক্টরে লাফিয়ে ওঠার সময় হাত ফসকে তিনি পড়ে যান। তিনি ট্রাক্টরচালকের সহকারী ছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে বিজয়পুরে মিলন হোসেনের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের সিরাজ মৃধার ছেলে।