সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সিরাজগঞ্জে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর টোল সংগ্রহকারী ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। একই দিন নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে এক ধান ব্যবসায়ী ও রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাকচালক প্রাণ হািরয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বিকেল পাঁচটার দিকে পুঠিয়ার বানেশ্বরের সম্প্রসারিত কলাহাটা এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে রাজশাহীগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সম্রাট (২৫) নিহত হন।
সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়ায় একটি ট্রাক শহিদুল ইসলাম (২৮) নামের পৌরসভার এক টোল সংগ্রহকারীকে চাপা দিলে তিনি মারা যান। এদিকে সকালে রায়গঞ্জের ১৬ মাইল এলাকায় সিরাজগঞ্জ রোডগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ইউসুফ আলী (২৫) মারা যান।
রানীনগরের দক্ষিণ রাজাপুর গ্রামের শহিমুদ্দিন আকন্দ (৪৮) সকালে ধান কেনার উদ্দেশে বাজারে যাওয়ার পথে তাঁর ভটভটিটি উল্টে গেলে তিনি প্রাণ হারান।