সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ডেলিভারি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মির্জাপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বিএস এন্টারপ্রাইজের ডেলিভারি ভ্যান চালক দিলীপ কুমার (৪৮), ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারী উপজেলা সদরের সরিষাদাইড় গ্রামের হারাধন সরকার (৩২), চড়পাড়া গ্রামের শিমুল খান (২২) ও ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের সজল মিয়া (২২)।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, দুপুরে তাঁরা ডেলিভারি ভ্যানযোগে ওই প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন কোম্পানির মালামাল নিয়ে উপজেলার জামুর্কী ও পাকুল্যা বাজারে পণ্য সরবরাহ শেষে করে মির্জাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় শিমুলকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনায় পর মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ও মির্জাপুরের দমকল বাহিনীর সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিলে দেড়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু করে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।