সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ১০
রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রংপুর-ঢাকা মহাসড়কের উত্তম হাজিরহাট এলাকায় গত শনিবার সকাল সাতটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী শুভ পরিবহন নামে একটি নৈশকোচের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত বাসযাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সুজন (৩০) নামের একজন মারা যান। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকার আবদুস সালামের ছেলে। দুর্ঘটনায় আহত আরও ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাস-ট্রাকের চালক ও সহযোগীরা পলাতক।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক সোহেল আফজা (৫০) শনিবার নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোহেল স্ত্রীকে নিয়ে সৈয়দপুর শহর থেকে শনিবার বেলা দুইটার দিকে ইজিবাইকে দিনাজপুরের চিরিরবন্দের যাচ্ছিলেন। ইজিবাইকটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সোহেল আহত হন। প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও সেখান থেকে সৈয়দপুর সেনানিবাস হাসপাতালে নেওয়া হয় তাঁকে। বিকেল চারটার দিকে তিনি মারা যান।
নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের সরকার ফিলিংস্টেশন এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ইটবোঝাই একটি ট্রাক্টরের চাপায় ট্রাক্টরচালকের সহকারী আবদুল গণি (৪০) নিহত হয়েছেন। নিহত আবদুল গণি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার ইটবোঝাই ট্রাক্টরটি একটি ট্রাককে অতিক্রমের সময় খাদে পড়ে যায়। এ সময় ইটের ওপর বসা আবদুল গণি ছিটকে পড়ে ট্রাক্টরে চাপা পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কের মুবারকপুর মোড়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাসুমা বেগম (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি জব্বারপাড়া মুবারকপুর গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি মোস্তাক আহমেদ জানান।