সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের হরিণটানা থানার খালাসীর মোড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জ সদর উপজেলায় মাহেন্দ্রর ধাক্কায় এক শিশু নিহত হয়। এর আগে বুধবার রাতে ফরিদপুরের সালথায় ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: গতকাল দুপুরে নগরের হরিণটানা থানার খালাসীর মোড়ে বাস উল্টে নূর ইসলাম (৫০) ও মোজ্জাম্মেল (৩৭) নামের দুজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। তাঁরা হলেন রিনা আক্তার (২০), মনোয়ারা বেগম (৪০), সুফিয়ান (৩২) ও রনি (২৮)। একজনের পরিচয় মেলেনি। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): বুধবার রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চরবাংরাইল বাঁকা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারীসহ সাতজন আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী মজিবর ফকির (৪৬) ও জুলহাস মোল্লা (৪২) মারা যান।
লোহাগড়া (নড়াইল): গতকাল বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা খেয়াঘাট এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে রাস্তা পার হওয়ার সময় অন্তর সমাদ্দার (৭) নামের এক শিশুকে ধাক্কা দেয় মাহেন্দ্র (থ্রি-হুইলার)। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অন্তর সমাদ্দার সদর উপজেলার মালেঙ্গা গ্রামের কামাল সমাদ্দারের ছেলে। সে ভেড়ারবাজার ডা. শামসুল হক প্রি-ক্যাডেট স্কুলে শিশু শ্রেণিতে পড়ত।