সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেকজন আরোহী আহত হন।
সিলেটের জালালাবাদে গতকাল বুধবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দির রামনগর গ্রামের জহিরুল ইসলাম নীরব (২৭) ও একই গ্রামের পারভেজ মিয়া (২২)।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার আমিরাবাদ গ্রামের কাছে কুমিল্লাগামী একটি পিকআপ একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নীরব (২৭) ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। আর অন্য আরোহী মো. কাউসার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক আছেন।
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ এলাকার বলাউরা বাজারে দুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই পুরুষ ও একজন নারী নিহত হন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে বাসটি দ্রুতগতিতে আসছিল। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় যাত্রীর আসনে থাকা দুজন ও অটোরিকশাচালকের পাশে থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালকসহ আরও দুজনকে অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করেন। তবে বাসচালক পালিয়ে যান।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, নিহত ব্যক্তিদের আশপাশ এলাকার বাসিন্দারা শনাক্ত করতে পারেননি। নাম ও ঠিকানা উদ্ধারে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।