সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ দেশের তিনটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে।রাজধানী: রাজধানীর শাহবাগে রূপসী বাংলা হোটেলের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আজ সকাল সাতটার দিকে এ দুর্ঘটনায় তিনজন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই মোজাম্মেলের ভাষ্য, আজ সকালে রূপসী বাংলা হোটেলের সামনে একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ফিরোজা বেগম (৪০) ও চানবুরু (৩৫) নামের দুই নারী নিহত হন। আহত হন তিনজন। তাঁরা হলেন আঁখি, শাহীন ও আজিজুল। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুলছুমা বেগম (৪৫) ও তাঁর ছেলে মো. মনিরুল ইসলাম (১২)। তাঁদের বাড়ি বরিশালের আমতলী উপজেলায়।
চালক ও কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, নিহত দুজন ছলিমপুর সিডিএ আবাসিক এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তাঁরা ফৌজদারহাট এলাকায় ফার্নিচারের একটি দোকানে কাজ করতেন। আজ ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা রাস্তার ধার দিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানটি অন্য একটি গাড়ির পাশ কাটাতে গিয়ে পেছন থেকে দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁরা নিহত হন।
কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত
পাবনা: সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার মজিদপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবনা পৌর সদরের শালগাড়িয়া তালবাগানপাড়া মহল্লার নুরুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল জলিল (৪২)। তাঁরা দুজনই কাভার্ড ভ্যানে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। ভোর পাঁচটার দিকে পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বলেন, কাভার্ড ভ্যানের চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ঢাকা মেডিকেল কলেজ সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ও পাবনা প্রতিনিধি
ট্রাককে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২