সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। ঢাকা-সিলেট মহাসড়কের কাজীরবাজার এলাকায় গতকাল রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁরা কনে দেখতে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন থেকে সিলেট জেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে মহাসড়কের কাজীরবাজার মোড়ে হবিগঞ্জ-সিলেট পথের মৌলভীবাজারমুখী একটি যাত্রীবাহী বাস ও শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই রফিক মিয়া (৩০) ও আরেক যাত্রী জাহিদ মিয়া (৪০) মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান নিহত রফিকের বাবা ছবর আলী (৭০) এবং তাঁর প্রতিবেশী সুলেমান মিয়া (৬০)। অপর দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান নিহত রফিকের ছোট ভাই ও দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক হদিছ মিয়া (২৩)। এ ছাড়া আহত সিরাতুন্নেছাকে (২৬) মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে এবং কুরুশ মিয়াকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। পুলিশ যাত্রীবাহী বাসটি জব্দ ও এর চালককে আটক করেছে।
নিহত রফিকের চাচাতো ভাই আবদুল বাছিত জানান, রফিক মিয়ার জন্য কনে দেখতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন অটোরিকশায় করে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন।