সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাক ও নছিমনের সংঘর্ষে এক পথচারী ও নছিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। এর আগে সোমবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে নছিমনটি যাত্রী নিয়ে টেকেরহাট থেকে মুকসুদপুরের রাঘদী ইউনিয়নে যাচ্ছিল। এ সময় মুরগির খাবারভর্তি ফরিদপুর থেকে বরিশালগামী একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক পথচারী ও নছিমনের তিন যাত্রী নিহত হন। আহত হন সাতজন।
নিহত ব্যক্তিরা হলেন নছিমনের যাত্রী মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কানাই ওঝা (৩০), নয়াকান্দি গ্রামের মিরাজুল (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের সুধীর বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (২৫) ও পথচারী মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের নোয়া খান (৫৫)।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তুষার কুমার মিত্র বলেন, গুরুতর আহত সুখ বিশ্বাস (৩২), তাঁর স্ত্রী বীথিকা বিশ্বাস (২৮) ও নছিমনচালক সাগর শেখকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম ইকবাল হাওলাদার (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইকবাল মোটরসাইকেলে করে ভান্ডারিয়া থেকে নদমুলা গ্রামে যাচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে একটি বাস বিয়ের যাত্রী নিয়ে ভান্ডারিয়ায় যাচ্ছিল। পথে এটি কলোনি বাজার এলাকায় ইকবালের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গতকাল ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইকবালের ভাই মজিবর রহমান মামলা করেছেন।