সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড়সহ ১০ জন আহত হয়েছেন। গত সোম ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নাটোর: বড়াইগ্রাম উপজেলার আইড়মারি এলাকায় গতকাল সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। তিনি নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার অলক দেবের ছেলে। এ ছাড়া দুর্ঘটনায় জাতীয় দলের সাবেক ফুটবলার তানভির চৌধুরীসহ ১০ বাসযাত্রীও আহত হন। তানভির চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ থেকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, ট্রাকটি নিয়ে চালক পালিয়েছেন।

রাজশাহী: মোহনপুর ও গোদাগাড়ীতে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল ও এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম কার্তিক মণ্ডল (৩৮)। তিনি তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা। বাইসাইকেল আরোহী শরীফ উদ্দীনের (৩৫) বাড়ি উপজেলার হারাডাঙা গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার মহারাজপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে গতকাল  দুপুরে বিআরটিসি বাসের ধাক্কায় দুলালী বালা সিংহ (৬৫) নামে এক নারী মারা গেছেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দীন জানান, রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুলালী বালা মারা যান। ক্ষুব্ধ স্থানীয় লোকজন দেড় ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। বাসটি ফেলে এর চালক ও সহকারী পালিয়েছেন।

নীলফামারী: জেলা সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামে গত সোমবার সন্ধ্যায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহরাব আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোহরাব বাইসাইকেলে করে রামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। বাজারের অদূরে সুখধন নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দেন। নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, নিহত ব্যক্তির স্ত্রী ফেরদৌসি বেগম থানায় মামলা করেছেন। চালককে গ্রেপ্তার করা হয়েছে।