সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন।
চন্দ্রায় নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার উখিপুর এলাকার গেদু ব্যাপারীর ছেলে তোফায়েল আহম্মেদ (৪০) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
পুলিশ জানায়, মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। চন্দ্রা এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় পথচারী তোফায়েল, অজ্ঞাতপরিচয় যুবক ও মোটরসাইকেল আরোহী মোজাম্মেল পিকআপটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের ওপরে থাকা আরও পাঁচজন আহত হন।
কাঁচপুর এলাকায় নিহত দুজন হলেন জিয়াসমিন আক্তার (১৩) ও নাজমা আক্তার (৩৫)। জিয়াসমিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার আমান মিয়ার মেয়ে। নাজমা একই গ্রামের মৃত ইসলাম মিয়ার মেয়ে। তাঁরা কাঁচপুর এলাকার এসকোয়্যার গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, জিয়াসমিন ও নাজমা কাজ শেষে বাসায় ফিরছিলেন। কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।