সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, সাতক্ষীরা ও কুমিল্লা। সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে এ তথ্য জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সেন্টু মিয়া নিহত হন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
ফরিদপুর: ঢাকাগামী একটি বাসের সঙ্গে ফরিদপুরগামী একটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক তরুণ (২৫) নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা: গতকাল সকালে সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় নছিমন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক মমরেজ আলী গাজী আহত হন। পরে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়ায় ঢাকা থেকে মতলবগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে কানড়া গ্রামের সালেহা বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মো. নসু মিয়া নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
[প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও কুমিল্লা এবং ফরিদপুর অফিস, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও দাউদকান্দি প্রতিনিধি]