সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ ও সাভারের আশুলিয়ায় গত শনি ও গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। অপর দুজন পোশাকশ্রমিক।
নিহত ব্যক্তিরা হলেন মো. শরীফ হোসেন (৩২), শিরিনা খাতুন (২৮) ও সালাম (৩৮)।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সহকারী উপপরিদর্শক মাহবুব হোসেন ও কনস্টেবল শরীফ মোটরসাইকেলে করে ভুলতা ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় পেছন থেকে সেজান জুস কোম্পানির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ নিহত হন।
তিনি মুন্সিগঞ্জ জেলা সদরের মৃত আবদুর রউফ খানের ছেলে।
অন্যদিকে আশুলিয়া থানা-পুলিশ জানায়, গতকাল সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শিরিনা আশুলিয়ার কাঠগড়া থেকে নবীনগর যাচ্ছিলেন। জিরাবর-বিশমাইল সড়কের কুটুরিয়া এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় শিরিনাসহ অন্য যাত্রীরা আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে শিরিনা মারা যান। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
অপর ঘটনায় গত শনিবার রাতে কর্মস্থল থেকে বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন সালাম। তিনি আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার বেরন এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।