সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা সদরের ব্র্যাক মোড়ে পিরোজপুর-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

জসিম উদ্দিনের বয়স ৩৮ বছর বলে জানা গেছে। তাঁর বাড়ি বরগুনার বামনা উপজেলায়।

কাউখালী ও রাজাপুর থানা সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন এক মাস আগে ঝালকাঠি থেকে বদলি হয়ে কাউখালী থানায় যোগদান করেন। তাঁর স্ত্রী দুই সন্তান নিয়ে ঝালকাঠি শহরে বসবাস করেন। আজ বিকেলে তিনি কাউখালী থেকে মোটরসাইকেলে করে ঝালকাঠি যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে রাজাপুর উপজেলার ব্র্যাক মোড়ে একটি মাইক্রোবাস জসিম উদ্দিনের মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।